AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৬:০০ পিএম, ২৪ জুলাই, ২০২৬

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ছিনতাইয়ের নাটক, পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনলাইন জুয়ায় পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে তা গোপন করতে ছিনতাইয়ের সাজানো নাটক করেছেন সুজন মিয়া (২৬) নামে এক ব্যক্তি। ঘটনাকে বিশ্বাসযোগ্য করতে তিনি নিজের শরীরে ধারালো বস্তু দিয়ে একাধিক আঘাতও করেন। রাজনগর থানা পুলিশের তদন্তে পুরো ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের হালদার গ্রামের বাসিন্দা সুজন মিয়া দাবি করেন, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে সুজন মিয়ার সঙ্গে কথা বললে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে তার পরিচিত ব্যক্তি ও বন্ধুদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার আসক্ত। এছাড়া তার শরীরের আঘাতের ধরন এবং পরিহিত শার্ট পরীক্ষা করে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে, আঘাতগুলো ব্লেড বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে তিনি নিজেই করেছেন।

নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুজন মিয়া স্বীকার করেন, তিনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এ পরিবারের প্রায় ১ লাখ টাকা হারিয়ে ফেলেন। বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে ছিনতাইয়ের নাটক সাজান। এজন্য একটি নেইল কাটারের ছোট ছুরি দিয়ে নিজের শরীরে একাধিক আঘাত করেন।

পুলিশ আরও জানায়, পরিকল্পনার অংশ হিসেবে তিনি আগেই এক বন্ধুকে বিষয়টি জানিয়ে রাখেন। তিনি রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকবেন এবং স্থানীয়রা ফোন দিলে ওই বন্ধু এসে তাকে উদ্ধার করার অভিনয় করবেন। পরিকল্পনা অনুযায়ী, তার বন্ধু মেদিনীমহল এলাকার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয়দের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সুজন মিয়াকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশের নিবিড় তদন্তে পুরো ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। সাজানো ছিনতাইয়ের নাটকের বিষয়টি নিশ্চিত হওয়ায় এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!