পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিশেষ সুপারিশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুই পরিবারের সদস্য সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে তিনি নিজের সরকারি বেতন-ভাতা থেকে নিয়মিতভাবে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়ে আসছেন।
জানা গেছে, প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি বেতন-ভাতার একটি অংশ থেকে জেলার চারটি জুলাই শহীদ পরিবারের প্রত্যেককে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছেন। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হলে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে দুইজন যোগদান করেন। তাদের মধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন মোসা. মনিজা এবং দেবীগঞ্জ উপজেলার জুলাই শহীদ আবু ছাইদের ছেলে মামুন ইসলাম রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা ১৯৭১ সালকে যেমন ধারণ করি, ঠিক তেমনি ২৪-কেও ধারণ করি। শপথ গ্রহণের পর থেকে সরকারি সম্মানী থেকে জেলার ছয়টি জুলাই শহীদ পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দিচ্ছি। পাশাপাশি বাকি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।”
প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পুনর্বাসনে অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

