যুব ক্রিকেটের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে দল গঠনের কাজ শুরু হয়েছে। ইয়ুথ ক্রিকেট লিগ শেষ করার পাশাপাশি ৫০ জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পও পরিচালনা করছে বোর্ড।
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর কোচিং স্টাফে পরিবর্তন আসতে পারে কি না, তা নিয়ে আলোচনা ছিল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান কোচ নাভিদ নেওয়াজ আগামী চক্রেও দায়িত্বে থাকতে পারেন।
এরই মধ্যে জুনিয়র টাইগারদের ঘিরে বড় পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি, তবে বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে চাপের ম্যাচে নেতৃত্ব দেওয়া, কঠিন পরিস্থিতি সামাল দেওয়া এবং তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ের জন্য আরও প্রস্তুত করে তুলতে চায় বিসিবি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

