বিশ্বকাপের প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই স্বস্তির জয় পেয়েছে আর্জেন্টিনা। রোববার (৭ জুন) অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে জিওভানি লো সেলসোর পায়ে। তার দূরপাল্লার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এর কিছুক্ষণ পর সেই আক্রমণের ধারাবাহিকতায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। ক্রসবার থেকে ফিরে আসা বল নিয়ে বক্সে ঢোকার সময় নিকোলাস তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও বল ঠেকাতে পারেননি।

বিরতির পর কোচ লিওনেল স্কালোনি একাধিক পরিবর্তন আনেন। ভ্যালেন্তিন বার্কো ও তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামেন রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনা। পরে আরও কয়েকজন ফুটবলারকে সুযোগ দেওয়া হয়।
ম্যাচের ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। বক্সের ভেতরে লাউতারো মার্তিনেজের চমৎকার ব্যাকহিল পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জুলিয়ানো সিমিওনে বল জালে পাঠান।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এই জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

