বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা আরও গভীর হয়েছে। একসঙ্গে চার পরিচালক পদত্যাগ করায় বোর্ডের ভেতরের সংকট নতুন মাত্রা পেয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুর থেকে চলা দীর্ঘ বোর্ড সভা শেষে পদত্যাগের সিদ্ধান্ত নেন তারা। পদত্যাগকারী চারজন হলেন— ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু, ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম, সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেহেরব আলম এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম।
বিসিবির একটি সূত্র জানায়, রাত ১০টার দিকে ই-মেইলের মাধ্যমে তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
এর আগে লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ও এনএসসি মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সালও পদত্যাগ করেন।
এই পদত্যাগের ফলে বোর্ডে পরিচালকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৮ জনে। আগে নির্বাচিত ২৩ জন এবং এনএসসি ও অন্যান্য সংস্থা থেকে মনোনীত ২ জনসহ মোট ২৫ সদস্যের বোর্ড গঠিত হয়েছিল।
উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিসিবিতে পুনর্নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ কয়েকজন ক্লাব কর্মকর্তা নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একের পর এক পরিচালকের পদত্যাগ এবং নির্বাচন দাবির চাপ—সব মিলিয়ে বিসিবির সামনে এখন বড় ধরনের সাংগঠনিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

