সুইডেনের নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নর্ডিক স্ম্যাশে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
নতুন এই টুর্নামেন্টে তিনি খেলবেন উপসালা টাইগার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলটি জানিয়েছে, ড্রাফটের আগেই সবচেয়ে আলোচিত সাইনিং হিসেবে সাকিবকে দলে যুক্ত করা হয়েছে। উদ্বোধনী আসরেই তিনি মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
আগামী গ্রীষ্মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচ ১৫ জুন এবং ফাইনাল ২০ জুন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, প্রথমবারের মতো শুরু হওয়া এই লিগে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন আরও কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস ও শেলডন কটরেল।
এদিকে টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ভারতের সাবেক ক্রিকেটার মুনাফ প্যাটেল। আয়োজকরা আশা করছেন, আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণে লিগটি প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় হয়ে উঠবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

