কলম্বো ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান করেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন আরও ৯৬ রান।
দিনের একেবারে শেষ বলে মেহেদী হাসান মিরাজ (১১) এলবিডব্লিউ হয়ে ফেরেন থারিণ্ডু রত্নায়েকের বলে। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে এখন কেবল লিটন দাসই আছেন ক্রিজে, ১৩ রানে অপরাজিত।
এর আগে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ৫৩ বল খেলে ২৬ রান করে বোল্ড হন প্রভাত জয়সুরিয়ার বলে। ততক্ষণে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের তিন ইনিংসে ব্যর্থতার পর এ ইনিংসে আগ্রাসী কৌশল নেন এনামুল হক বিজয়। ১৯ বলে ১৯ রান (২ চার, ১ ছক্কা) করে শর্ট লেগে ক্যাচ দেন আসিথা ফার্নান্দোর বলে।
বিজয়ের আউটের পর চা বিরতির সময় হয়। ফিরে এসেই আউট হন সাদমান ইসলাম (১২), কভার ড্রাইভ করতে গিয়ে জয়সুরিয়ার বলে ক্যাচ দেন। মুমিনুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি, ধনাঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে।
দলপতি নাজমুল হোসেন শান্ত ছিলেন আরেকটি আশার নাম, কিন্তু তিনিও ব্যর্থ হন। এলবিডব্লিউ হন ১৯ রানে, ধনাঞ্জয়ার বলে।
তৃতীয় দিনের শুরুতে ২ উইকেটে ২৯০ রান নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৫৮ রানে। এতে ২১১ রানের বড় লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২৪৭ রানে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

