AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিন দিনের মালদ্বীপ সফর শেষে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী



তিন দিনের মালদ্বীপ সফর শেষে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের এ রাষ্ট্রীয় সফর শেষে তিনি সোমবার ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেন।

সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন এবং বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরের অংশ হিসেবে ড. খলিলুর রহমান মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ছিল পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা এবং রাজধানী মালের রিপাবলিক স্কোয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ।

পরিবেশগত সহযোগিতার প্রতীক হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রোগ্রাম’-এর আওতায় রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পরিবেশমন্ত্রী আলী শরিফ। এ আয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের এটিই ছিল মালদ্বীপে প্রথম সরকারি সফর। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল হবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বিদায় জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!