দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গ এলাকায় তানভীর আহমেদ বিন্দু নামে এক বাংলাদেশি প্রবাসী অপহরণের শিকার হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকায় আসা তানভীর ঢাকার দক্ষিণখানের বাসিন্দা। ঘটনার সময় তিনি আরও চার বাংলাদেশির সঙ্গে দোকান থেকে বাসায় ফিরছিলেন। বাসার সামনে ওত পেতে থাকা চার সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
এ সময় দুজন পালিয়ে গেলেও অপর দুজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তানভীরকে জোর করে একটি গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও এখন পর্যন্ত তানভীরের কোনো সন্ধান মেলেনি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং অপহরণকারীদের পক্ষ থেকে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে।
এদিকে, নোয়াখালীর বজরা ইউনিয়নের মো. আরিফ নামে আরেক বাংলাদেশি প্রবাসী অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেয়েছেন। পরিবারের দাবি, ১ লাখ রেন্ট মুক্তিপণ দেওয়ার পর ২৪ জুলাই রাত আনুমানিক ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশি প্রবাসীদের লক্ষ্য করে অপহরণ ও সশস্ত্র অপরাধের ঘটনা বাড়তে থাকায় প্রবাসীদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

