দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক ও দ্বীনি সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় জোহানেসবার্গের ফোর্ডসবার্গস্থ লিলিয়ান লফট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ, দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক একেএম আখতারুজ্জামান, দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপির প্রধান উপদেষ্টা মুমিনুল হক মমিন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার পরামর্শ পরিষদের সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিন, মুসলিম সোসাইটির সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সাউদ আলী, ফ্রি স্টেট প্রভিন্সের সাবেক সভাপতি মুন্সী আবুল হাসান অপু এবং পোর্ট এলিজাবেথ অঞ্চলের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামিক ফোরাম অব আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রচার, সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং স্থানীয় মুসলিম ও অমুসলিম জনগোষ্ঠীর মাঝেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে স্থানীয় মুসলিম ও অমুসলিমদের মধ্যে কোরবানির গোশত বিতরণ করা হয়। এছাড়া রমজান মাসে ইফতারসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র, অসহায় পরিবারের জন্য ফুড হ্যাম্পার, রুটি (ব্রেড), কোমল পানীয়সহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটেও সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্য সুদৃঢ় করতে ইসলামিক ফোরাম অব আফ্রিকার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা টিভির সিইও নোমান মাহমুদ, যমুনা টিভির আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, নিউজ২৪-এর দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম, ফোরামের কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের পরিচালক শাহাদাত হোসেন, দক্ষিণ আফ্রিকা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী বাবুল, স্প্রিং ইউনিট অব বাংলাদেশের সভাপতি মজিবুল হক লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঘাউটেং প্রভিন্সের সহ-সভাপতি মোয়ারেফ হোসেন রতন, সেক্রেটারি আবু নাঈম, সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, অফিস সম্পাদক আব্দুর রাকীব, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. আলী আকবর এবং কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদকে ঘাউটেং প্রভিন্সের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে আফ্রিকা কালচারাল গ্রুপের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

