AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৭০ জন, বাংলাদেশিসহ উদ্ধার ৩২


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০১:৫০ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৭০ জন, বাংলাদেশিসহ উদ্ধার ৩২

ভূমধ্যসাগরে একটি অভিবাসনপ্রত্যাশীবাহী নৌযান ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক বলে জানা গেছে। ইতালির কোস্টগার্ড ও মানবিক সহায়তাকারী সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নৌযানটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলীয় এলাকা তাজাউরা থেকে যাত্রা শুরু করেছিল। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল। পরবর্তীতে ভূমধ্যসাগরের সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) জোনে, লিবিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকায় নৌযানটি ডুবে যায়।

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, খারাপ আবহাওয়া এবং সাগরের উচ্চ ঢেউয়ের কারণে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ঘটনার পর জার্মান মানবিক সংস্থা সি-ওয়াচ একটি উদ্ধার বিমান পাঠায়। ওই বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া একটি কাঠের নৌকার তলদেশে কয়েকজন অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছেন।

উদ্ধারকৃতদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এদিকে, নিখোঁজদের জন্য শোক প্রকাশ করেছে মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান। একইসঙ্গে ইউরোপীয় দেশগুলোকে আরও নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ভূমধ্যসাগর দীর্ঘদিন ধরে ইউরোপে যাওয়ার জন্য অনিয়মিত অভিবাসীদের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ পথে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!