AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৯:২১ পিএম, ৩ জুন, ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ দূতাবাস, কুয়েত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চার বাংলাদেশি আহত হন।

আহতদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত যোগাযোগ ও খোঁজখবর রাখছে বলে জানানো হয়েছে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েত সরকারের আইন অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা, কিংবা সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা ও ভিডিও ধারণ দণ্ডনীয় অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি দেখা দেওয়ায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করার অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে তারা প্রস্তুত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!