দির্ঘ দিন বন্ধ থাকার পর কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়, বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ক্ষেত্রে আগে যে নিষেধাজ্ঞা ছিল, কুয়েত সরকার তা প্রত্যাহার করেছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিক রপ্তানিও বাড়বে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশের পোল্ট্রি শিল্পে বিনিয়োগ ও উৎপাদন আরও সক্রিয় হবে।
বাংলাদেশের প্রাণিসম্পদ খাত গত কয়েক বছরে স্বাস্থ্যমান উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কুয়েতের এই সিদ্ধান্ত সেই অগ্রগতিরই একটি প্রতিফলন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই অনুমোদন শুধু খাদ্যপণ্য নয়, বাংলাদেশ–কুয়েত সামগ্রিক অর্থনৈতিক সম্পর্কেও ইতিবাচক বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য বাজারেও এর প্রভাব পড়তে পারে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করার সুযোগ পাবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব বাংলাদেশি ব্যবসায়ীকে প্রয়োজনীয় তথ্য জানাতে এবং বিষয়টি অবগত রাখতে দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

