বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)।
সংগঠনটি এক বিবৃতিতে এ ঘটনাকে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি “কালো দিন” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের সন্ত্রাসী হামলা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের জীবননিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
এ উপলক্ষে আজ ২১ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁর হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য আকিদুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এস এম দিদার হোসেন, বেলাল হোসেন ঢালী, মোস্তাফিজুর রহমান মঞ্জু, হাজী মো. দেলওয়ার হোসেন, এহতেশামুল মুজিব মৃদুল, আতাউর রহমান, অর্ক হাসান, দিলারা জাহান, মো. রেজাউল করিম, শরিফুল ইসলাম স্বপন, শাকিল সিকদার, সামসুল আরেফিন রিয়াদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর, গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম লুটপাট এবং মাঠপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা প্রমাণ করে যে, দেশজুড়ে ভয়ভীতি সৃষ্টি করে সাংবাদিকতা দমনের একটি সংঘবদ্ধ অপচেষ্টা চলছে। একই সঙ্গে ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা দেখিয়ে দেয়—এটি কেবল গণমাধ্যম নয়, মুক্তচিন্তা ও সংস্কৃতির ওপরও সরাসরি আক্রমণ।
সভায় বক্তারা আরও বলেন, হামলার সময় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ। এতে করে রাষ্ট্রের ভূমিকা নিয়েও জনমনে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। দেশে ক্রমবর্ধমান সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সাংবাদিকদের টার্গেট করে হামলার ঘটনাকে তারা জঙ্গিবাদী রূপান্তরের অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গণআন্দোলনের যোদ্ধা হাদি হত্যাকাণ্ডসহ প্রথম আলো–ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানে হামলার ঘটনা রাষ্ট্রের সেই দায়িত্ব পালনে ব্যর্থতারই প্রমাণ।
প্রতিবাদ সভা থেকে অবিলম্বে হাদি হত্যাকাণ্ড, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিক হত্যাচেষ্টার ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এছাড়া দেশ-বিদেশের সকল বিবেকবান মানুষ, সাংবাদিক সমাজ ও মানবাধিকারকর্মীদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

