ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রাজিব মিয়া ওরফে রাজু (২৩), রাকিব মিয়া (২২) ও জুয়েল মিয়া (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি হায়েস গাড়ি পরিবর্তন করে বিশেষ কৌশলে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করে আসছিলেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
পুলিশ জানায়, এ ছাড়া ঢাকা মেট্রো-চ ১৪-১০২৪ নম্বরের একটি রুপালি রঙের হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য ২২ লাখ টাকা।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার রাজিব মিয়ার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ পাঁচটি এবং জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) সাইদুর ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

