AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবসে মিডিয়া সম্মাননা সনদ পেলেন সাংবাদিক ওমর ফারুক


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০৪:২০ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৫

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবসে মিডিয়া সম্মাননা সনদ পেলেন সাংবাদিক ওমর ফারুক

প্রবাসে সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা সনদ পেয়েছেন সময় টেলিভিশনের মালদ্বীপ প্রতিনিধি মো. ওমর ফারুক খোন্দকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওমর ফারুক ছাড়াও সম্মাননা সনদ পেয়েছেন নিউজ টুয়েন্টিফোরের মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদারসহ মোট পাঁচজন।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ চ্যান্সেরি ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অনুষ্ঠানে মিশনের কনস্যুলার সহকারী এবাদ উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল-মামুন পাঠান, কনস্যুলার সহকারী ময়নাল হোসেন এবং হাইকমিশনের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

আলোচনা সভার এক পর্যায়ে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মালদ্বীপ রেড ক্রিসেন্ট ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মালদ্বীপ রেড ক্রিসেন্টের পক্ষে স্মারক গ্রহণ করেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হুদ ইব্রাহিম ও ট্রেজারার ইয়াশা শরিফ। IOM-এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থাটির প্রতিনিধি উরাইবা আসিফ। এছাড়া দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ইসহাক মুসাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ পোস্টাল ভোট বিডির ভোটার নিবন্ধনসংক্রান্ত বিভিন্ন জটিলতা বিষয়ে প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে সম্মাননা পাওয়া দুই সাংবাদিককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সম্মাননা শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি প্রবাসে কর্মরত সকল সাংবাদিকের জন্য অনুপ্রেরণা ও সম্মানের।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন এবং প্রবাসী অধিকার পরিষদের মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রবাসীদের হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং মালদ্বীপে আসার ক্ষেত্রে প্রতারণার শিকার প্রবাসীদের সহায়তায় গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে আলোকপাত করেন।

এছাড়া তিনি মালদ্বীপের স্থানীয় আইন-কানুন যথাযথভাবে মেনে চলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে বসবাসের জন্য সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) ‘আঁধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দিবসটি উপলক্ষে কেক কাটেন বাংলাদেশ হাইকমিশনার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের যুগ্ম সম্পাদক মল্লিকা খাতুন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সাবেক সভাপতি ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!