জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার অপচেষ্টা মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো মাঠে রয়েছে। তিনি দাবি করেন, কিছু গোষ্ঠী বিভিন্ন উপায়ে দেশে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, জনগণের ভোটে গঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালানো হচ্ছে। তবে জনগণ সচেতন রয়েছে এবং গণতন্ত্রবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
বিএনপির এই নেতা অতীতের রাজনৈতিক সহিংসতা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, জনগণ আর কখনো সেই ধরনের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না। দেশের মানুষ শান্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র চায়।
রিজভী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে উসকানিমূলক কর্মকাণ্ড এবং দেশবিরোধী বক্তব্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, বিদেশে পাচার হওয়া অর্থ ব্যবহার করে কিছু শক্তি দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে জনগণের সহযোগিতায় এসব অপচেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

