উনসত্তরের গণ-অভ্যুত্থান মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ,আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে গত ২৮ সেপ্টেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরে চিকিৎসকরা তা নাকচ করে দেন এবং তার চিকিৎসা চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ তোফায়েল আহমেদ দীর্ঘ কয়েক দশক ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

