জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
রোববার ( ২১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইডেনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
আলোচনায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, বিভিন্ন আলোচিত অধ্যাদেশের সম্ভাব্য প্রভাব, প্রস্তাবিত জাতীয় বাজেট, কর কাঠামোর সংস্কার এবং রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান নিয়েও মতবিনিময় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ডা. শফিকুর রহমানের পক্ষে বৈঠকে অংশ নেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

