সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়ে সরকার এখন দায় অন্যের ওপর চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়।
শনিবার (১৬ মে) রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশ একসময় ভারতের মুখাপেক্ষী ছিল। বর্তমান সরকারও যদি কারও মুখাপেক্ষী হতে চায়, তাহলে জনগণ তা মেনে নেবে না। আমরা বিশ্বাস করি, দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থ রক্ষার পক্ষেই থাকবে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শুধু পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ চালানো যায় না। জনগণের সঙ্গে যেসব কমিটমেন্ট করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সরকার শুরু থেকেই সংসদকে কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে।”
দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, “বাংলাদেশে বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থাপনায় জরুরি অবস্থা বিরাজ করছে। হামে ৪০০ শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতারই প্রমাণ। এখন সরকার অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সরকারের উচিত জরুরি অবস্থা জারি করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে বাংলাদেশের পানির অধিকার নিশ্চিত করতে হবে।”
এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিষয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “এ বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। জনগণের সামনে পুরো চুক্তি উন্মুক্ত করা প্রয়োজন।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

