সংসদে গণভোট সংক্রান্ত সরকারি অবস্থানের প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। জুলাই সনদের পক্ষে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত মিছিল করে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বলেন, সংস্কার ও গণভোট ইস্যুতে সরকারের অবস্থান জনরায়ের বিরুদ্ধে এবং এটি ফ্যাসিবাদী প্রবণতার বহিঃপ্রকাশ।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মতামত উপেক্ষা করা হলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যান করা হলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জবাবদিহিতার পরিবর্তে সুবিধাবাদী রাজনীতির দিকে ঝুঁকছে। তিনি দাবি করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট সংস্কার উদ্যোগগুলো উপেক্ষিত হচ্ছে।
বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেন, একক কর্তৃত্ব বজায় রাখতে সরকার গণভোটের বিষয়টি এড়িয়ে যেতে চাইছে।
বক্তারা আরও অভিযোগ করেন, তেল সংকট ও হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা যথাযথ নয়।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

