AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ১০ জুলাই, ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে টেলিফোনে দেওয়া প্রায় এক ঘণ্টার সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি একা নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনাকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, তিনি দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, তিনি দেশে ফিরবেন এবং অন্যদেরও একসময় দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশত্যাগের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে লিখিত প্রশ্নের উত্তর দিলেও আনুষ্ঠানিক সাক্ষাৎকার দেননি।

দেশে ফিরে গ্রেপ্তার বা অন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবুও তিনি নিজ দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে চান। তার ভাষ্য, নিজের দেশের মাটিতেই জীবনের শেষ পরিণতি দেখতে চান তিনি।

রয়টার্স জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে এসব অভিযোগ তিনি বরাবরের মতোই অস্বীকার করেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও দাবি করেন, তার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি জানান, দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকার বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তার কোনো ধরনের আলোচনা হয়নি।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার পরিবর্তে জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। তিনি জানান, দল পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন সংসদীয় আসনের নেতাদের সঙ্গে অনলাইনে যোগাযোগও অব্যাহত রয়েছে।

রয়টার্স আরও জানায়, শেখ হাসিনার এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকারের মুখপাত্র কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!