জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তার পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর সমমানের পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ করেছিলেন। এই চিঠি তিনি ২২ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে পাঠান।
চিঠিতে জামায়াত আমির উল্লেখ করেন, অধ্যাপক মাহমুদুল হাসান তার উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে পারদর্শিতা দেখিয়েছেন। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আঞ্চলিক ফোরামের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শফিকুর রহমান চিঠিতে মাহমুদুল হাসানের পদায়নকে ‘নতুন’ ও ‘অভিনব’ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই পদায়নের মাধ্যমে জাতীয় সংসদে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা সম্ভব হতো।
তবে, জামায়াত আমিরের একান্ত সচিব মো. নজরুল ইসলাম জানিয়েছেন, চিঠিতে উল্লেখিত ‘মন্ত্রির সমমানের পদ’ বিষয়টিতে শফিকুর রহমানের পূর্ণ সম্মতি ছিল না। পরে বিষয়টি জানার পর জামায়াত আমির মাহমুদুল হাসানের সঙ্গে আলোচনা করেন।
এরপর অধ্যাপক মাহমুদুল হাসানকে বাদ দিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে জামায়াতের নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। বিষয়টি পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

