বিএনপি সংসদের অতীতের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদীয় রীতি-নীতি ও প্রথা নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শক্তিশালী গণতান্ত্রিক দেশের সংসদীয় চর্চা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং জনগণ এমন সংসদই দেখতে চেয়েছিল বলে মনে করবে। অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা জনগণের মন থেকে মুছে দিতে চায় বিএনপি।
নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, নবীন সদস্যদের সঠিক সংসদীয় সংস্কৃতিতে অভ্যস্ত করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

