সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব ছাড়ার পর নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন পিংকি সাহা। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি।
পিংকি সাহা জানান, বিকেল ৫টার দিকে বিদায়ী জেলা প্রশাসক তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে তিনি আপাতত রুটিন দায়িত্ব পালন করবেন এবং এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে ন্যস্ত করা হয়। প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সিলেট ত্যাগ করার কথা রয়েছে মো. সারওয়ার আলমের। নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত দায়িত্বে থাকবেন পিংকি সাহা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

