AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪১ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির

পোস্টাল ব্যালট প্রস্তুত, প্রেরণ ও ব্যবহারের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, প্রাপ্ত অভিযোগগুলোতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালট ব্যবস্থাটি দেশে প্রথমবার চালু হচ্ছে। সে কারণে কিছু ত্রুটি থাকতেই পারে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, কোনো কোনো বাসায় একসঙ্গে ২০০ থেকে ৩০০টি ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও ব্যালট জব্দের ঘটনা ঘটেছে, আবার কোথাও ভোটগ্রহণ শুরু হয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে। এমনকি কারও নামে পাঠানো ব্যালট অন্য ব্যক্তি গ্রহণ করার ঘটনাও সামনে এসেছে।

তিনি আরও বলেন, প্রবাসীদের কাছে কীভাবে ব্যালট পাঠানো হয়েছে, ভোট দেওয়ার পদ্ধতি কী, কোথায় স্ক্যান করা হবে এবং একই জায়গায় বিপুলসংখ্যক ব্যালট পাওয়া গেলে দায়ভার কার—এসব বিষয়ে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়গুলো তারা পর্যালোচনা করছে এবং প্রয়োজনে দ্রুত ব্যাখ্যা দেবে।

আচরণবিধি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভোটার উপস্থিতি বাড়াতে ভোটার স্লিপে ভোটারের নম্বরের পাশাপাশি প্রার্থীর নাম ও প্রতীক থাকা দরকার। বর্তমানে আচরণবিধিতে ভোটার স্লিপে কোনো দলের নাম বা প্রার্থীর ছবি না দেওয়ার বিধান রয়েছে, যা পুনর্বিবেচনার দাবি রাখে। নির্বাচন কমিশন চাইলে নিজ ক্ষমতাতেই এ বিধান সংশোধন করতে পারে।

তার ভাষ্য, ভোটার স্লিপ দেওয়া মানেই ভোটে প্রভাব বিস্তার নয়। ভোটার নিজের বিবেচনাতেই সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে অযথা জটিল না করে ভোটারদের সহায়তা করাই উচিত।

তিনি অভিযোগ করেন, আগে আচরণবিধির অজুহাতে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের একটি সফর স্থগিত করা হয়েছিল, যা রাজনৈতিক প্রচার ছিল না। অথচ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য ও কর্মকাণ্ডে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও নির্বাচন কমিশনের নীরবতা বিএনপির নজরে এসেছে।

পোস্টাল ব্যালট ব্যবস্থার উন্নয়নে একটি প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের নাম ও প্রতীকসংবলিত সাধারণ ব্যালটই পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে আলাদা করে প্রতীকভিত্তিক ব্যালট ছাপানোর প্রয়োজন হবে না এবং জটিলতাও কমবে।

এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!