বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং তাকে দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
আসিফ নজরুল আরও জানান, জানাজার সব ধরনের আয়োজন ও সহায়তায় অন্তর্বর্তী সরকার সহযোগিতা করবে। সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং উল্লেখ করেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে তার সঙ্গে প্রধান উপদেষ্টার দীর্ঘক্ষণ আলাপ হয়েছিল।
তিনি বলেন, “জাতির এই বিশেষ মুহূর্তে খালেদা জিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবদান অম্লান হয়ে থাকবে। জানাজার নামাজ শৃঙ্খলার সঙ্গে এবং ভাবগম্ভীর পরিবেশে পালন করার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।”
সভায় জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

