আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে একটি বেসরকারি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতৃত্বে গণ অধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলনে অংশ নেয়। ওই সময় থেকেই ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন ও সংস্কারের বিষয়ে পারস্পরিক আলোচনা চলছিল। সেই ধারাবাহিকতায় যুগপৎ আন্দোলনের শরিকরা একসঙ্গে নির্বাচন ও জাতীয় সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে।
তিনি আরও বলেন, আন্দোলনটি বিএনপির নেতৃত্বে সমন্বিতভাবে পরিচালিত হয়েছে। তবে বর্তমান আরপিও অনুযায়ী জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হয়। ফলে সব আসনে সব দল বিজয়ী হওয়া বাস্তবসম্মত নয়। এ কারণে যুগপৎ আন্দোলনের কিছু শরিক দল নির্বাচনে কার্যকর কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নুরুল হক নুর জানান, সেই কৌশলের অংশ হিসেবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এজন্য দলীয়ভাবে তাকে অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের আগে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন। শিগগিরই দলটির পক্ষ থেকে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

