AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়কে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৭ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

সড়কে নেতাকর্মীদের ভিড়, নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের ইতি ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে, বিশেষ করে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ভোর থেকেই বিমানবন্দরগামী সড়কের দুই পাশে জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর, কুড়িল ও উত্তরা থেকে বিমানবন্দরমুখী প্রতিটি সড়কে নেতাকর্মীদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর পুরো এলাকা। দুপুর ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করার কথা থাকলেও সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের উপস্থিতিতে তিল ধারণের জায়গা নেই। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও বিজিবির পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, বিমানবন্দর ও সংলগ্ন এলাকাগুলোতে প্রায় দুই হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো।

পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন এবং সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নিয়মিত আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম নিশ্চিত করেছেন যে, তারেক রহমানের সুরক্ষায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, পর্যাপ্ত গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকায় নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে যান চলাচল সীমিত থাকায় সাধারণ যাত্রী ও বিদেশগামীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাকে বিশেষ পুলিশি পাহারায় গন্তব্যে নিয়ে যাওয়া হবে। তার বাসভবন ও রাজনৈতিক কার্যালয়েও মোতায়েন থাকবে বিশেষ নিরাপত্তা দল।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারে স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বর্তমানে দেশের আকাশসীমায় রয়েছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!