রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং আইনের বিধান অনুযায়ী যেকোনো সময় নির্বাচন আয়োজন করা সম্ভব।
তিনি জানান, নির্বাচনের তারিখ ও তফসিল এখনো চূড়ান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর দিনক্ষণ নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকেই নির্বাচনের সব কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদের অধিবেশন থাকুক বা না থাকুক, তা নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি করবে না।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনসহ কমিশনের সামনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন, সংসদীয় আসন বা আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করে যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

