প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের ব্যবসা-বাণিজ্যের বিকাশে সরকারের নীতিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনাও কম নয়। তাই দীর্ঘমেয়াদি ও নিরাপদ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স ও ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি সরকারি সেবার ডিজিটালাইজেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার অর্থনীতির বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে এবং দেশে একটি স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য সরকার দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে। এ লক্ষ্য অর্জনে সরকার, ব্যবসায়ী সমাজ ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

