AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাত্র কয়েক মাসেই বেহাল দশা: চাঁদপুরে পুকুরে বিলীন হওয়ার পথে ৭১ লাখ টাকার সড়ক



মাত্র কয়েক মাসেই বেহাল দশা: চাঁদপুরে পুকুরে বিলীন হওয়ার পথে ৭১ লাখ টাকার সড়ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে টানা বৃষ্টির প্রভাবে নির্মাণাধীন একটি পাকা সড়কের একাংশ ধসে পড়ার ঘটনা ঘটেছে।

দুর্বল গাইডওয়াল নির্মাণ এবং অপরিকল্পিতভাবে পাশ থেকে মাটি কেটে সড়ক ভরাটের ফলেই এ বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

​ঘটনাটি ঘটেছে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরদুঃখিয়া গ্রামের গাজীবাড়ির সামনের পুকুরপাড় এলাকায়। গত কয়েক দিনের টানা বর্ষণে ওই সড়কের একটি বড় অংশ পুকুরের দিকে দেবে গেছে। এতে বর্তমানে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রায় ৭১ লাখ টাকা ব্যয়ে রামপুর–সোলাখালী সড়ক থেকে সন্তোষপুর বাউন্ডারি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সোহেল বিল্ডার্স করপোরেশন’।

​সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গাজীবাড়ির সামনের পুকুরপাড়সংলগ্ন স্থানে সড়কের একটি বড় অংশ সম্পূর্ণ ধসে পড়েছে। অবিরাম বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত অংশটি দিন দিন আরও বেশি পুকুরের দিকে হেলে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ বা সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমেই সড়কের বাকি অংশও পুকুরে বিলীন হয়ে যেতে পারে।

এলাকাবাসী আবুল হোসেন, শাহাদাত হোসেনসহ একাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা জানান, গাইডওয়াল নির্মাণের শুরু থেকেই এর কাজে ত্রুটি ছিল। পুকুরটি গভীর হওয়ায় তাঁরা শুরুতেই গাইডওয়ালটি আরও বেশি মজবুত ও টেকসই করার দাবি জানিয়েছিলেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের সে কথা পাত্তাই দেয়নি।

​তাঁদের অভিযোগ, পরবর্তীতে সড়ক নির্মাণের সময় গাইডওয়ালের ভেতরের অংশ ভরাট করতে গিয়ে ঠিকাদারের লোকজন পাশ থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে নেন। এতে গাইডওয়ালের নিচের ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।

ফলে টানা বৃষ্টির ধকল সইতে না পেরে সেই দুর্বল অংশটি ধসে পড়ে। মাত্র কয়েক মাস আগে নির্মিত এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের এই বেহাল দশা কাজের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সোহেল বিল্ডার্স করপোরেশন’-এর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন, “আমি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজটি গত অর্থবছরে শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের অর্থ এখনো ছাড় করা হয়নি। সড়কটি সন্তোষজনকভাবে এবং যথাযথ নিয়মে সংস্কার করে না দেওয়া পর্যন্ত তাদের জামানতের কোনো টাকা ফেরত দেওয়া হবে না।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!