AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের আরও ৫ জেলায় বন্যার আশঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫২ পিএম, ১০ জুলাই, ২০২৬

দেশের আরও ৫ জেলায় বন্যার আশঙ্কা

টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমলেও গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এতে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে একই সময়ে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ধলাই ও খোয়াই নদীর পানি কমলেও মৌলভীবাজারে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। এতে ওই অঞ্চলের বন্যা পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা এবং ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় এ দুই নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পাশাপাশি সুরমা নদীসংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর নজর রাখার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!