জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাত ৮টার দিকে পুলিশ সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে ডাকবাংলো থেকে নিরাপদে উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে তাঁর গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শুরু থেকেই স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর বাইরে একটি পৃথক বলয় তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলার মলমগঞ্জ এলাকায় একটি কলেজের অনুষ্ঠানে সংসদ সদস্য উপস্থিত হলে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপি নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে নির্দেশ দেন নুরুল ইসলাম নবাব। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
পরে সন্ধ্যায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরিচিত হতে ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করছিলেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এ সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঙ্গে থাকা লোকজন এ হামলায় জড়িত ছিলেন।
এরপর সংসদ সদস্যের সমর্থকেরাও পাল্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, “নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে থানার ওসিকে নির্দেশ দিয়েছি।”
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

