নেত্রকোনার কেন্দুয়া থানা মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উদ্বোধনী বক্তব্যে এমপি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র। কেন্দুয়া থানা মসজিদের নতুন ভবন নির্মাণের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মজনু খন্দকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, নতুন ভবন নির্মাণের মাধ্যমে মসজিদে নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে এটি ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মসজিদটিকে দ্বীনের খেদমতের একটি বরকতময় কেন্দ্র হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

