বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।
সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের সম্ভাব্য সময়সূচি দুই দেশের সরকারের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
হুমায়ুন কবির আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভবিষ্যতে এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে দুই দেশ কাজ করতে আগ্রহী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

