বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের অবদান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই রেমিট্যান্স যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নে তাদের জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া জরুরি।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টির শীর্ষ নেতারা।
বাংলাদেশ প্রবাসী শ্রমিক কল্যাণ পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মো. জালাল উদ্দিন। পুরো সংবাদ সম্মেলনটি সঞ্চালনা ও পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আল আমিন।
সংবাদ সম্মেলনে বক্তারা প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠান, যা আমাদের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা নানাভাবে হয়রানির শিকার হন। এই রেমিট্যান্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রবাসীদের শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে, দেশের বড় বড় উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী প্রকল্পে তাদের যুক্ত করার সুযোগ দেওয়া উচিত। এতে করে প্রবাসীরা যেমন দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারবেন, তেমনি দেশও তাদের মেধা ও বিনিয়োগ থেকে লাভবান হবে।
সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রতি জোর আহ্বান জানিয়ে নেতারা বলেন, বর্তমান সরকারের উচিত প্রবাসীদের কল্যাণে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেওয়া। প্রবাসে কোনো শ্রমিক বিপদে পড়লে আইনি সহায়তা নিশ্চিত করা, প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও সচল করা এবং তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পার্টি ও বাংলাদেশ পিপলস পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

