জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘরে প্রবেশ করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় তিনি ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা মামলার রায় কার্যকরেরও দাবি জানান।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে তিনি বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করলেই হবে না, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ১৪-দলীয় জোটের নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। ইনুর বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

