জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় গুলিতে দুইজন নিহত এবং কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে হত্যাচেষ্টার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
এ ছাড়া রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিন সকাল ১১টা ৪৮ মিনিটে রায় পাঠ শুরু হয়। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারের অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান। পরে বিচারক মো. মোহিতুল হক এনাম অভিযোগের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ রায় ঘোষণা করেন।
রায়ের সময় একমাত্র গ্রেপ্তার আসামি, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি চার আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন। পুলিশ তাকে ধাওয়া করলে তিনি ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। অভিযোগ অনুযায়ী, সেই অবস্থায় তার ওপর ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। এসব ঘটনাকে কেন্দ্র করেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

