কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার ইব্রাহিম আলীর ছেলে। তিনি ধামশ্রেণী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানীগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেন। এ সময় তারা সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার পলাতক আসামি হিসেবে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

