AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রবাসীকল্যাণমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৬ পিএম, ২৪ জুন, ২০২৬

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক খবর পাওয়া যেতে পারে। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ফলাফল আগামী মাস থেকে দৃশ্যমান হতে শুরু করবে।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতার ফলে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করতে পারেন। তাদের সফরের মাধ্যমে চলমান বিষয়গুলোতে আরও অগ্রগতি দৃশ্যমান হবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার কাজ চলছে।

তিনি বলেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, ওসমানী বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার কথা বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে দেখছে।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!