মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে পৌঁছে প্রধানমন্ত্রী আগামী দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পরে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নীতিনির্ধারক এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর বিদায়ের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলফিকলি হাসান। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চীন সফরকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

