দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুসারে দুদকের শূন্য পদে যোগ্য প্রার্থী বাছাই ও সুপারিশের জন্য এ সার্চ কমিটি গঠন করা হয়েছে। আইন অনুযায়ী, চেয়ারম্যান ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে কমিটিকে অন্তত দুইজন করে প্রার্থীর নাম সুপারিশ করতে হবে। পরে রাষ্ট্রপতি ওই তালিকা থেকে নিয়োগ প্রদান করবেন।
এর আগে গত ১৫ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুদক পুনর্গঠনের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে একটি কার্যকর ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকেই সংস্থাটির শীর্ষ পদগুলোতে নতুন নিয়োগের বিষয়ে আলোচনা চলছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

