মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছাবেন। সেখানে তিনি দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের প্রধান কার্যক্রম শুরু হবে।
সফরকালে দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর বিদায়ের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী জুলফিকলি হাসান। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে বিদায় অনুষ্ঠানে দেশটির হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

