দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব, রোগের বিস্তার এবং টিকাদান কর্মসূচির কার্যকারিতা নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো পরিবর্তনের কারণে কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা তথ্য-উপাত্ত ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হবে।
তিনি বলেন, তদন্তে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা বা দায়িত্বে গাফিলতির বিষয়টি প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং সরকারি নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। সরকার হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টিকার সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং মজুত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে এবং দ্রুত সংক্রমণ শনাক্ত ও প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পরিচালনার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারের লক্ষ্য, কার্যকর টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ ও এ-সংক্রান্ত মৃত্যুহার কমিয়ে আনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

