রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ মে) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। এ বিষয়ে গত শুক্রবার (১২ জুন) বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল।
তবে রোববার (১৪ জুন) দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় বলে জানা যায়। ওই সময় তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত ও অসম্মানজনক মনে করে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন।
এরপর রোববার রাতেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন ডা. জাহেদ উর রহমান। সোমবার ভোরে তিনি কলম্বো পৌঁছান এবং সকাল ৮টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
তার এই সফর বাতিল ও আগাম প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

