সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের ইতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বর্তমানে দেশের মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে বলেও দাবি করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিএনপি সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন।
তিনি বলেন, “অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো ইতোমধ্যেই ফল দিতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে। জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহও স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।”
সংবাদ সম্মেলনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরা হয়। মাহ্দী আমিন জানান, অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডারের মাধ্যমে ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, “গভীর সমুদ্রসীমার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ‘ফ্লাইং ওভার চার্জ’ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে।”
এছাড়া সীমান্ত সুরক্ষায় ড্রোন, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও মাইন ডিটেক্টর স্থাপনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপিকে ‘সংস্কারের ধারক ও বাহক’ উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, “বাংলাদেশের ইতিহাসে বড় বড় মৌলিক সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ঘোষিত ভিশন ২০৩০, ২৭ দফা ও ৩১ দফার মধ্যেই বর্তমান সংস্কার ভাবনার ভিত্তি নিহিত রয়েছে।”
সংবাদ সম্মেলনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনের অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

