প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে।
রোববার (২৪ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা প্রবীণ হিসেবে এ সুবিধা পাবেন। অনলাইন টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। শুধুমাত্র মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে, তবে সার্ভিস চার্জ ও অন্যান্য ফি আগের মতোই দিতে হবে।
এই সুবিধা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই পাওয়া যাবে। তবে অনলাইনে সুবিধা নিতে যাত্রীকে ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ ছাড় সুবিধা নিতে পারবেন।
প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি সব এসি শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে আপাতত এ সুবিধা শুধুমাত্র স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও অনুরূপ ভাড়ার ছাড় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য রেল পরিবহনকে আরও জনবান্ধব ও সহজলভ্য করা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

