পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
এ বছর আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগেভাগেই ছুটির সময়সূচিতে পরিবর্তন আনে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের মূল ছুটির সঙ্গে আগে ও পরের নির্বাহী আদেশের ছুটি যুক্ত করে দীর্ঘ এই ছুটির ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
তবে জরুরি পরিষেবাগুলো এ ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, ডাক ও টেলিযোগাযোগ খাতের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্ট কার্যক্রমও চালু থাকবে বলে জানিয়েছে সরকার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

