আজ শনিবার ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়েছে। এরপর একে একে বিভিন্ন গন্তব্যে আরও কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে যায়।
শনিবার সকাল ১০টা পর্যন্ত কমলাপুর রেলস্টেশন থেকে অন্তত ৬টি ট্রেন ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ৩০ মিনিট বা তারও বেশি দেরিতে ছাড়তে দেখা গেছে।
সর্বশেষ রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এটি সাড়ে ৯টায় স্টেশন ছাড়ে। একইভাবে জামালপুর এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পরও যাত্রা শুরু করেনি।
এদিকে সকালে কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের খোঁজখবর নেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন। তিনি যাত্রীদের টিকিট কাটা, আসন পাওয়া এবং সেবার মান নিয়ে কথা বলেন।
যাত্রীরা জানান, এখন পর্যন্ত চাপ তুলনামূলক কম থাকায় টিকিট অনুযায়ী আসন পেতে সমস্যা হচ্ছে না। তবে কিছু যাত্রী ট্রেনের ফ্যান নষ্ট থাকা, সিট ভাঙা এবং টয়লেট পরিষ্কার না থাকার মতো সমস্যার অভিযোগ করেন।
রেলওয়ে মহাপরিচালক এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং যাত্রীসেবার মান উন্নয়নে কাজ চলমান রয়েছে বলে জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

